বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট জাতীয় সংসদের ২৫৩টি আসনে প্রার্থী তালিকার চূড়ান্ত ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে আসনভিত্তিক প্রার্থী তালিকা ও আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন হয়েছে এভাবে—বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য বরাদ্দ করা হয়েছে ২০টি আসন।এ ছাড়া খেলাফত মজলিস (অপর অংশ) পেয়েছে ১০টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) পেয়েছে ২টি আসন।জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাকি ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।জোট নেতারা জানান, দীর্ঘ আলোচনার পর এই আসন সমঝোতায় পৌঁছানো হয়েছে এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার লক্ষ্যে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।