ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
গণবার্তা

আর্কাইভ দেখুন

আমির খানের অন্য ধর্মে তৃতীয় বিয়ের জেরে হত্যা করতে পারলে পুরষ্কার ঘোষণা

আমির খানের অন্য ধর্মে তৃতীয় বিয়ের জেরে হত্যা করতে পারলে পুরষ্কার ঘোষণা

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর কট্টরপন্থী এক হিন্দু ধর্মগুরুর পক্ষ থেকে অভিনেতাকে হত্যার আহ্বান জানিয়ে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণার দাবি সামনে এসেছে।ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অযোধ্যার কট্টরপন্থী ধর্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য এক বক্তব্যে দাবি করেন, যে ব্যক্তি আমির খানকে হত্যা করবে, তাকে ৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে ওই ব্যক্তির আইনি লড়াইয়ের ব্যয়ও বহনের কথাও বলেন তিনি।সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে আইনি প্রক্রিয়ায় গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। বিয়ের পর থেকেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের একটি অংশ এ নিয়ে সমালোচনা শুরু করে। এর আগে মহারাষ্ট্রের বিজেপি নেতা ও মন্ত্রী নীতেশ রানে আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছিলেন।পরমহংস আচার্যের অভিযোগ, আমিরের তিন স্ত্রীই হিন্দু পরিবারের সদস্য ছিলেন এবং এটি নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং ‘লাভ জিহাদ’-কে উৎসাহিত করার অংশ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।অন্যদিকে, একই বক্তব্যে অযোধ্যার রামমন্দিরের আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে পরমহংস বলেন, বিষয়টি নিয়ে বিশেষ তদন্ত দল (সিট) তদন্ত করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এদিকে আমির খান বা তার টিমের পক্ষ থেকে এই বিতর্কিত বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জানা গেছে গৌরি হিন্দু নন; তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী।ভারতের আইনজীবীরা বলেছেন, কাউকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা আইনত অপরাধ এবং এটি শাস্তিযোগ্য। তবে এখন পর্যন্ত এই বিষয়ে পুলিশি কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় বলিউডের অনেক তারকা আমির খানের প্রতি সমর্থন জানিয়েছেন এবং এ ধরনের হিংসাত্মক আহ্বানের নিন্দা জানিয়েছেন।


তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের ১০ বছর: সেনাবাহিনী-বেসামরিক সম্পর্কে বড় পরিবর্তন

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের ১০ বছর: সেনাবাহিনী-বেসামরিক সম্পর্কে বড় পরিবর্তন

২০১৬ সালের ১৫ জুলাই সন্ধ্যায় তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নির্বাচিত সরকার উৎখাতের চেষ্টা চালায়। ট্যাংক ও যুদ্ধবিমান ব্যবহার করে চালানো এই অভ্যুত্থান প্রচেষ্টা কয়েক ঘণ্টার মধ্যে ব্যর্থ হয়। দেশটির বড় শহরগুলোর রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসেন এবং বিদ্রোহীদের প্রতিহত করেন। ওই ঘটনায় প্রায় ২৫০ জন নিহত ও ২ হাজার ২০০ জনের বেশি আহত হন।বিশেষজ্ঞদের মতে, এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পেছনে তিনটি প্রধান কারণ ছিল—জনগণের প্রতিরোধ, অভ্যুত্থানের বিরোধিতা করা তুর্কি সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ভূমিকা এবং সেনাবাহিনীর নিজস্ব প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া।তুরস্কের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সামরিক হস্তক্ষেপের প্রভাব ছিল। সেনাবাহিনী ১৯৬০ ও ১৯৮০ সালে সরকার উৎখাত করে। ১৯৭১ সালে একটি সামরিক স্মারকের মাধ্যমে সরকারকে চাপের মুখে ফেলে এবং ১৯৯৭ সালে আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। তবে ২০১৬ সালের পর সামরিক বাহিনীতে বড় পরিবর্তন আসে।ব্যর্থ অভ্যুত্থানের পর সরকার সেনাবাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ আরও জোরদার করে। সামরিক একাডেমিগুলো বন্ধ করে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয় এবং সেনাবাহিনীর কমান্ড কাঠামোতে পরিবর্তন আনা হয়। হাজার হাজার সেনা সদস্য, বিচারক, পুলিশ কর্মকর্তা ও শিক্ষককে বরখাস্ত বা গ্রেপ্তার করা হয়।অবসরপ্রাপ্ত কর্নেল উনাল আতাবায় বলেন, এই পরিবর্তনের ফলে সেনাবাহিনী, রাষ্ট্র ও সমাজের সম্পর্কের ধরন মৌলিকভাবে বদলে গেছে। সেনাবাহিনী নিজেদের ভেতরের নজরদারি ব্যবস্থা শক্তিশালী করেছে, যাতে ভবিষ্যতে কোনো সংগঠিত গোষ্ঠী আবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করতে না পারে।তবে রাজনৈতিক বিশ্লেষক আলী চারকোগলুর মতে, শুধু সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনা দিয়েই তুরস্কের গণতান্ত্রিক উন্নয়ন নিশ্চিত হয় না। তিনি বলেন, সামরিক বাহিনীকে বেসামরিক কর্তৃত্বের অধীনে আনা সাফল্য হলেও যদি এর বিনিময়ে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, তা দুর্ভাগ্যজনক।সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী দলগুলো অভিযোগ করছে যে বিরোধী রাজনীতিবিদদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তবে সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তদন্তগুলো স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে।২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে একেপি প্রতিটি জাতীয় নির্বাচনে জয় পেয়েছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো ২০১৬ সালের অভ্যুত্থান-পরবর্তী জরুরি অবস্থার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের দাবি, রাষ্ট্রের ভেতরে থাকা গোপন নেটওয়ার্ক ধ্বংস করা এবং ভবিষ্যতে এমন হুমকি ঠেকানোর জন্য এসব পদক্ষেপ প্রয়োজন ছিল।


ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করার কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। এক্ষেত্রে নিবন্ধনকৃত সব গণমাধ্যমকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।বুধবার (১৫ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য খবর পরিবেশন করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ড বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করে তথ্য অধিদপ্তর।তথ্য অধিদপ্তর বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করার কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে। ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে।এ কারণে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, পেশাদারী দায়িত্বশীলতা নিশ্চিতকরণ এবং ফ্যাক্ট চেক করা গণমাধ্যমের জন্য একটি অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করেন অধিদপ্তর।একই সঙ্গে গণমাধ্যমকে নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে ওই বিশেষ বিজ্ঞপ্তিতে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংবাদের বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে গণমাধ্যমগুলোকে ভেরিফায়েড ও বিশ্বস্ত সূত্রকে অগ্রাধিকার দিতে হবে এবং যে কোনো খবর প্রকাশের আগে তা যাচাই-বাছাই করে নিতে হবে। অন্যথায় ভুল তথ্য প্রচারের মাধ্যমে গণমাধ্যম নিজেরাই জনগণের আস্থা হারাতে পারে বলে সতর্ক করেছে তথ্য অধিদপ্তর।


আজ বিকেলে আসছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ

আজ বিকেলে আসছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ

আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ আজ বুধবার (১৫ জুলাই) ঘোষণা করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বিকেল ৩টায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ হজ প্যাকেজ ঘোষণা করবেন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক এ তথ্য জানান।এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মঞ্জুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টনের ভিআইপি রোডে অবস্থিত সাত্তারা সেন্টারের ১৫তম তলায় হোটেল ভিক্টোরি ‘সাফা ব্যাংকুয়েট হল’-এ বেলা ১১টায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন হবে। এতে বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজের বিভিন্ন দিক তুলে ধরা হবে।ইতোমধ্যে বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের সম্ভাব্য হজ প্যাকেজের প্রাথমিক তথ্য প্রকাশ করতে শুরু করেছে। একটি এজেন্সির সর্বনিম্ন স্থায়ী প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৭ লাখ টাকা, যেখানে মক্কায় ৩০ দিন ও মদিনায় ১০ দিন অবস্থানের ব্যবস্থা রয়েছে । অন্যদিকে, স্বল্প সময়ের জন্য ২০ দিনের একটি প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা । আরও উন্নত সেবার ভিত্তিতে লাক্সারি ও শিফটিং প্যাকেজের মূল্য ১৩ লাখ ৮০ হাজার টাকাও রয়েছে।বর্তমানে হজের প্রাক-নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা জমা দিতে হয়। সরকারি মাধ্যম ও বেসরকারি উভয় মাধ্যমেই এই প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে । আজ সরকারি প্যাকেজ ঘোষণার পর প্রাক-নিবন্ধিত যাত্রীদের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।


হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান: আইআরজিসির সাবেক কমান্ডার

হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান: আইআরজিসির সাবেক কমান্ডার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হুমকি দিয়েছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক একজন শীর্ষ কমান্ডার। তার দাবি, প্রয়োজন হলে হোয়াইট হাউজের ভেতরেই প্রবেশ করে ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা ইরানের রয়েছে।সোমবার (১৩ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম এ মন্তব্য করেন। তিনি বলেন, যদি ট্রাম্পকে হত্যা করাই উদ্দেশ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তা বাস্তবায়ন করতে সক্ষম। প্রয়োজন দেখা দিলে সেই সামর্থ্য তাদের রয়েছে বলেও দাবি করেন তিনি।সাক্ষাৎকারে কানানি মোকাদ্দাম তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনার বিষয়েও কথা বলেন। তার ভাষ্য, এই সংলাপের লক্ষ্য কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো নয়; বরং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবে ইরানের অবস্থান তুলে ধরা।তিনি আরও বলেন, ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে ইরান শান্তির উদ্দেশ্যে আলোচনা করছে না। আলোচনার মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দিতে চায়। একই সঙ্গে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও ইরানের বিবেচনায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।তবে কানানি মোকাদ্দামের এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্র বা হোয়াইট হাউজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার এই হুমকি ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক সম্পর্কের এই সময়ে এ ধরনের মন্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


ফার্মের মুরগি কতটা স্বাস্থ্যকর?

ফার্মের মুরগি কতটা স্বাস্থ্যকর?

ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের সংশয় থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি নিজে ক্ষতিকর নয়। বরং নিরাপদ উৎপাদন, সঠিক সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা হলে ব্রয়লার মুরগি উচ্চমানের প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টির অন্যতম উৎস হতে পারে।বাংলাদেশের অধিকাংশ পরিবারের প্রোটিনের চাহিদা পূরণে সবচেয়ে সহজলভ্য ও সাশ্রয়ী খাবারের একটি হলো ব্রয়লার মুরগি। তবে দীর্ঘদিন ধরেই এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না—এ নিয়ে নানা আলোচনা রয়েছে।এ বিষয়ে চিকিৎসক ডা. সাহানাজ বলেন, ব্রয়লার মুরগি নিজে কোনোভাবেই ক্ষতিকর নয়। এতে উচ্চমানের প্রোটিনের পাশাপাশি ভিটামিন বি-১২, ভিটামিন বি-৬, নিয়াসিন (ভিটামিন বি-৩), ফসফরাস, সেলেনিয়াম ও জিংকের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে।তার ভাষ্য, ব্রয়লার মুরগি নিরাপদ কি না, তা নির্ভর করে কীভাবে এটি পালন করা হয়েছে, অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ম মানা হয়েছে কি না এবং জবাই ও সংরক্ষণের সময় স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়েছে কি না—এসব বিষয়ের ওপর।অ্যান্টিবায়োটিক প্রসঙ্গে ডা. সাহানাজ জানান, কিছু খামারে রোগ প্রতিরোধ বা চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তবে নির্ধারিত নিয়ম না মেনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার কিংবা জবাইয়ের আগে প্রয়োজনীয় বিরতি না মানলে মাংসে ওষুধের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। এতে দীর্ঘমেয়াদে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর ঝুঁকি বাড়তে পারে।ব্রয়লার মুরগিকে দ্রুত বড় করতে হরমোন ব্যবহার করা হয়—এমন ধারণা নিয়েও কথা বলেন তিনি। তার মতে, এ দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। আধুনিক ব্রয়লার মুরগির দ্রুত বৃদ্ধি মূলত উন্নত জাত, সুষম খাদ্য এবং উন্নত খামার ব্যবস্থাপনার ফল।তিনি আরও বলেন, খামারে স্বাস্থ্যবিধি না মানা হলে কিংবা জবাই ও সংরক্ষণের সময় অসতর্কতা থাকলে সালমোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টারের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া মাংসে থাকতে পারে। তাই ব্রয়লার মুরগির মাংস অবশ্যই ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খাওয়া উচিত।ডা. সাহানাজের মতে, চামড়াবিহীন ব্রয়লার মুরগির মাংস পরিমিত পরিমাণে নিয়মিত খাওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তিনি বলেন, দেশি ও ব্রয়লার—উভয় ধরনের মুরগিই ভালো প্রোটিনের উৎস। দেশি মুরগির স্বাদ ও গঠন ভিন্ন হলেও পুষ্টিগুণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য নেই। মূল বিষয় হলো নিরাপদ উৎপাদন, ভালো মান এবং স্বাস্থ্যসম্মত রান্না।স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্রয়লার মুরগি কেনা ও খাওয়ার ক্ষেত্রে কয়েকটি পরামর্শ দিয়েছেন:বিশ্বস্ত দোকান বা অনুমোদিত খামার থেকে মুরগি কেনাদুর্গন্ধযুক্ত বা অস্বাভাবিক রঙের মাংস এড়িয়ে চলাকাঁচা ও রান্না করা মাংস আলাদা রাখামাংস সম্পূর্ণ সিদ্ধ করে খাওয়ার অভ্যাস গড়ে তোলাবিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই ব্রয়লার মুরগি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হিসেবে গ্রহণ করা সম্ভব।


২৫ বছর পর বাতিল হলো পুরনো আইন, সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ পাস

২৫ বছর পর বাতিল হলো পুরনো আইন, সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ পাস

জাতীয় সংসদে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে পূর্ববর্তী ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করা হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি কণ্ঠভোটে পাস হয়।নতুন আইনের আওতায় বগুড়া জেলায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ নামে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, জীবন বিজ্ঞান (লাইফ সায়েন্স), প্রকৌশল, প্রযুক্তি, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা, গবেষণা এবং জ্ঞান সৃষ্টি ও বিস্তারের সুযোগ থাকবে।বিশ্ববিদ্যালয়টিতে আধুনিক প্রযুক্তি, পেশাগত দক্ষতা, গবেষণা ও অর্থনৈতিক চাহিদার ওপর জোর দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামসহ এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ রাখা হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য, সমাজ ও অর্থনীতির সাথে সংগতিপূর্ণ স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স পরিচালনা করা হবে, যেখানে অন ক্যাম্পাস শিক্ষার পাশাপাশি অনলাইন দূরশিক্ষণ (ডিস্ট্যান্স লার্নিং) ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।এর আগে, গত ৭ জুলাই শিক্ষা মন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করলে তা অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০১ সালের ১৫ জুলাই ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ সরকারি গেজেটে প্রকাশিত হলেও তা কখনো বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে একটি নতুন প্রতিষ্ঠানের জন্য প্রশাসনিক ও অ্যাকাডেমিক প্রস্তুতি চলায় সরকার আগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিকল্পনার পরিবর্তে এই পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।বগুড়া অঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণা জোরদার, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বিলটি প্রণয়ন করা হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়া ও আশপাশের জেলাগুলোর শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুবিধা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


টিউশনির টাকা চাওয়ায় শিক্ষকের ওপর দা দিয়ে হামলা, মাথায় ১০ কোপ

টিউশনির টাকা চাওয়ায় শিক্ষকের ওপর দা দিয়ে হামলা, মাথায় ১০ কোপ

কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক স্কুলশিক্ষককে ঘরে আটকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। হামলায় তার মাথায় ১০টি কোপ লাগে এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রিয়া বেগম (২৫) একই এলাকার হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।পরিবারের সদস্যরা জানান, স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক সিঁথি সীমিতা গত তিন মাস ধরে প্রিয়া বেগমের সন্তানকে বাসায় গিয়ে পড়াতেন। এ জন্য মাসিক এক হাজার ৫০০ টাকা পারিশ্রমিক পেতেন। সম্প্রতি তিনি বকেয়া টিউশনির টাকা চাইলে প্রিয়া ক্ষুব্ধ হন।সোমবার সকালে প্রতিদিনের মতো শিক্ষার্থীকে পড়াতে গিয়ে বিপদের মুখে পড়েন সিঁথি। পড়ানো শেষে বের হওয়ার সময় প্রিয়া ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। সেদিন দরজায় অতিরিক্ত ছিটকিনি লাগানো থাকায় বের হতে পারেননি সিঁথি। তার শরীরের বিভিন্ন স্থানে কোপ লাগে, সাতটি আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, সিঁথির মাথায় ১০টি কোপের আঘাত রয়েছে এবং সেখানে প্রায় ৫০টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতালে চিকিৎসাধীন সিঁথি সীমিতা জানান, প্রথম কোপের পর তিনি দরজা খুলে বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেদিন দরজায় দুটি ছিটকিনি লাগানো থাকায় বের হতে পারেননি। তিনি আরও দাবি করেন, হামলার সময় তার গলায়, হাতে ও কানে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ছিল। অভিযুক্ত প্রিয়া তাকে বলছিলেন, 'আমার কাছে এক আনা স্বর্ণ নেই, তুই এত স্বর্ণ পরে আছিস ক্যান? স্বর্ণ দে।'ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির জানান, হামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মামলার বাদী শিশু মিয়া দাবি করেন, এটি শুধু টিউশনির টাকা নিয়ে বিরোধ নয়, বরং স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাচেষ্টা। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত অতীতেও এমন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এখন তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উপস্থাপন করে অপরাধের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে।


বন্যপ্রাণী রক্ষায় এক অনন্য পথিকৃৎ সিতেশ রঞ্জন দেবের প্রয়াণ

বন্যপ্রাণী রক্ষায় এক অনন্য পথিকৃৎ সিতেশ রঞ্জন দেবের প্রয়াণ

বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই বিশিষ্ট প্রকৃতিপ্রেমীর বয়স হয়েছিল ৮০ বছর।পারিবারিক সূত্র জানিয়েছে, সিতেশ রঞ্জন দেবের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা পর্যন্ত তার বাসভবনে রাখা হয়। পরে বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁওয়ে তার পৈতৃক বাড়ির শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াণকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সিতেশ রঞ্জন দেব দীর্ঘ কয়েক দশক ধরে আহত ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা এবং পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে গেছেন। তার একক প্রচেষ্টায় গড়ে ওঠা ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ দেশের পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করার ক্ষেত্রে তিনি ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের এক নির্ভরতার প্রতীক।শ্রীমঙ্গলের এই বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুতে স্থানীয় প্রশাসন, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা এবং মানবিক কর্মকাণ্ড তাকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ অঙ্গনে তার প্রয়াণকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা জানিয়েছেন, সিতেশ রঞ্জন দেবের দেখানো পথেই তারা কাজ করে যাবেন। তার আদর্শ ও কর্মময় জীবন চিরকাল তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রকৃতিপ্রেমী মানুষটি হারালেন এক প্রকৃত সৈনিককে।


বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দুই শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত আমিনুল ইসলাম বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর অসুস্থ অবস্থায় দুই শিশু বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে তার বাড়িতে খেলতে যেত। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি বিস্কুট খেতে দিয়ে শিশুদের নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন।এজাহার অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার তিনি ছয় বছর বয়সি এক শিশুকে এবং রবিবার একই কায়দায় পাঁচ বছর বয়সি অন্য শিশুকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুদের কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী এক শিশুর চাচি জানান, শিশু দুটিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। প্রথমে এক শিশু ভয়ে কিছু বলতে না পারলেও পরে অন্য শিশু শারীরিক ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাছুদ জানান, দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।


মোসাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার আহমাদিনেজাদের

মোসাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার আহমাদিনেজাদের

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে পুনরায় ক্ষমতায় ফেরাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গোপনে কাজ করছে—এমন দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আহমাদিনেজাদের গণমাধ্যম কার্যালয় জানায়, এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। তাদের দাবি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ‘মনস্তাত্ত্বিক প্রচারণা’ চালানো হচ্ছে।ইরানের সংবাদমাধ্যম বাহার নিউজের প্রকাশিত বিবৃতির বরাতে জানায়, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটি ভিত্তিহীন এবং এতে ‘মিথ্যা ও মনগড়া’ তথ্য উপস্থাপন করা হয়েছে।এর আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল, মোসাদ গোপনে আহমাদিনেজাদকে আবারও ইরানের ক্ষমতায় ফেরানোর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করেছিল। তবে সাবেক এই প্রেসিডেন্টের কার্যালয় স্পষ্টভাবে জানিয়েছে, এমন কোনো পরিকল্পনার অস্তিত্ব নেই এবং প্রকাশিত প্রতিবেদনটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তিনি রাজনীতি থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছেন। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে মোসাদের হস্তক্ষেপের অভিযোগ নতুন নয়, তবে এ ধরনের দাবি সাধারণত তেহরান কর্তৃক কঠোরভাবে নাকচ করা হয়।


তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ, চাচি পলাতক

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ, চাচি পলাতক

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সি এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।ঘটনাটি ঘটে গত ১১ জুন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায়। অভিযোগ, পারিবারিক কলহের জেরে রাগের বশে লতা বেগম (৩২) ঘরে ঢুকে তিন মাস বয়সী শিশু রিজিকের পা মোচড় দেন। শিশুটির মা গোপনে মুঠোফোনে দৃশ্যটি ধারণ করেন এবং পরে ভিডিওটি তার ভাইকে দেন।ভাইরাল হওয়া ভিডিওতে অভিযুক্ত চাচিকে শিশুর পা ধরে মোচড় দিতে দেখা যায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন লতা বেগম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীর স্বামী কাউছার আহমেদ, শ্বশুর আলমাছ মিয়া ও শাশুড়ি শেফালী বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ একটি মুঠোফোনও জব্দ করেছে।শিশুর বাবা জহিরুল হক জহির ও মা সাইফা জানান, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয় এবং তিন দিন আগেই মীমাংসা হয়ে গেছে। তারা দাবি করেন, শিশুর পা ভাঙেনি, ব্যান্ডেজ বা চিকিৎসারও প্রয়োজন হয়নি এবং তারা কোনো অভিযোগ করেননি। তবে ভাইরাল হওয়া তথ্যের সঙ্গে শিশুটির মা-বাবার বক্তব্যের অমিল পেয়েছে পুলিশ।মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রায় পাঁচ দিন আগের ঘটনার ভিডিও গত মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর অনুসন্ধানে নামে পুলিশ। ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের স্বার্থে অভিযুক্তের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে আটক করা হয়েছে।এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত লতা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পলাতক লতা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বুধবার (১৫ জুলাই) ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, বিতর্ক ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।অনুষ্ঠানে বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হবে।পদক প্রদান অনুষ্ঠানের পাশাপাশি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘আজরাক বিমানঘাঁটি’ লক্ষ্য করে সপ্তম দফার ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার (১৫ জুলাই) মার্কিন যুদ্ধবিমান ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।ইরানের রাষ্ট্রায়ত্ত তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে আজরাক বিমানঘাঁটির ভেতরে থাকা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থানস্থল, সেনাদের থাকার আবাসন ভবন এবং একটি বিশাল সামরিক সরঞ্জাম রাখার হ্যাঙ্গার বা ঘর লক্ষ্য করে এই দূরনিয়ন্ত্রিত ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানি সেনাবাহিনী স্পষ্ট করেছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোর বিরুদ্ধে তাদের যে ধারাবাহিক প্রতিরোধ অভিযান চলছে, এই হামলা তারই একটি অংশ।ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী এর আগে মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের মূল ভূখণ্ডে অন্যায্য হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা আরও ছয়টি পৃথক ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়েছে। দেশটির সামরিক কমান্ড পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে জানিয়েছে যে ইরানের স্থলভাগ, জলসীমা কিংবা আকাশসীমার ওপর যেকোনো ধরনের মার্কিন আগ্রাসন চালানো হলে তার বিরুদ্ধে তেহরান ভবিষ্যতে আরও বড় আকারের পাল্টা সামরিক আঘাত হানবে।এমন এক সময়ে এই হামলাটি চালানো হলো যখন ইরানের অন্তত সাতটি ভিন্ন স্থানে নতুন করে রহস্যময় ও শক্তিশালী বিস্ফোরণের খবর দেশটির নিজস্ব সংবাদমাধ্যমে পরিবেশিত হচ্ছে। এরই মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের বিরুদ্ধে আরেকটি নতুন বিমান হামলার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সেন্টকমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার জন্য ব্যবহৃত ইরানি সামরিক সক্ষমতা ধ্বংস করতেই এই বিমান হামলাগুলো চালানো হয়েছে। এর পাশাপাশি ওয়াশিংটন সময় বিকেল চারটা থেকে ইরানি বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে মার্কিন নৌবাহিনীর বিশেষ অবরোধ পুনর্প্রতিষ্ঠা করা হয়েছে বলেও মার্কিন সামরিক কমান্ড ঘোষণা করেছে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং একটি দীর্ঘমেয়াদি শান্তিতে পৌঁছানোর জন্য তৈরি হওয়া খসড়া সমঝোতা স্মারক ভেঙে নতুন করে এই সংঘাত ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা বিশেষজ্ঞদের বেশ ভাবিয়ে তুলেছে।


পরীক্ষার মাঝেই আন্দোলন, বিকেলে লংমার্চ

পরীক্ষার মাঝেই আন্দোলন, বিকেলে লংমার্চ

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলনের মধ্যেই বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। একই সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।তবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত রয়েছে। অন্যদিকে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। এ কারণে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে মঙ্গলবার পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। তাদের দাবির মধ্যে রয়েছে—বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’—এই স্লোগানে ঘোষিত কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।এদিকে পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রণালয়ে জরুরি বৈঠক চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা সতর্ক করে বলেছেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।


মধ্যবাড্ডায় সাবেক স্বামীর হামলায় নারী নিহত

মধ্যবাড্ডায় সাবেক স্বামীর হামলায় নারী নিহত

রাজধানীর মধ্যবাড্ডায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের হামলায় ঝুমুর আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ডিআইটি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর রোডে একটি বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশের সময় ঝুমুরের ওপর অতর্কিত হামলা চালান তার সাবেক স্বামী রেজাউল। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে রেজাউল পালানোর চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। গুরুতর অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ঝুমুরের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম জাফর হাওলাদার। স্বজনরা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি হোটেলকর্মী রেজাউলকে বিয়ে করেন। বাড্ডা এলাকায় দুই থেকে তিন বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় প্রায় এক বছর আগে রেজাউলকে তালাক দেন। এরপর তিনি গ্রামের বাড়িতে ফিরে যান এবং পরে এক প্রবাসীকে বিয়ে করেন।ঝুমুরের দূরসম্পর্কের আত্মীয় মনিকা আক্তার জানান, দুই-তিন দিন আগে বরিশাল থেকে ঢাকায় এসে মিরপুরে তার বর্তমান স্বামীর বাসায় ওঠেন ঝুমুর। মঙ্গলবার সকালে তিনি মধ্যবাড্ডায় মনিকাদের বাসায় বেড়াতে আসেন। বিকেলে মনিকা ও তার মা অজিফা বেগমকে নিয়ে বাইরে বের হলে রেজাউল তাদের অনুসরণ করেন। তবে বিষয়টি তারা বুঝতে পারেননি।সন্ধ্যায় বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে পেছন থেকে এসে ঝুমুরের ওপর হামলা চালান রেজাউল। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি পালাতে ব্যর্থ হন এবং ঘটনাস্থলেই আটক হন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত শুরু হয়েছে।


আল-আজহার বিশ্ববিদ্যালয়: ভর্তি যোগ্যতা, খরচ, স্কলারশিপ ২০২৬

বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ সাদিও মানে

২০২৬ থেকে দলিল রেজিস্ট্রেশনে বড় পরিবর্তন, প্রবাসীরাও অনলাইনে নিবন্ধন করতে পারবেন

খতিয়ানে ভুল থাকলে কী করবেন: সহজ আইনি পথে সমাধানের নির্দেশনা

পেশোয়ারে আত্মঘাতী হামলায় তিন নিরাপত্তা সদস্য নিহত

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার নিহত

ড্রাইভিং লাইসেন্স নবায়ন এখন আরও সহজ—জেনে নিন সহজ ধাপগুলো!

পারিবারিক আদালতে বিনামূল্যে মামলা দায়েরের সুযোগ মিলবে ভুক্তভোগীদের

কাবাব চিনির উপকারিতা, খাওয়ার নিয়ম ও অপকারিতা | সম্পূর্ণ গাইড

১০

ব্রুনাইয়ের জালে ৮ গোল দিল বাংলাদেশ

আমির খানের অন্য ধর্মে তৃতীয় বিয়ের জেরে হত্যা করতে পারলে পুরষ্কার ঘোষণা

তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের ১০ বছর: সেনাবাহিনী-বেসামরিক সম্পর্কে বড় পরিবর্তন

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর

আজ বিকেলে আসছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ

হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান: আইআরজিসির সাবেক কমান্ডার

ফার্মের মুরগি কতটা স্বাস্থ্যকর?

২৫ বছর পর বাতিল হলো পুরনো আইন, সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ পাস

টিউশনির টাকা চাওয়ায় শিক্ষকের ওপর দা দিয়ে হামলা, মাথায় ১০ কোপ

বন্যপ্রাণী রক্ষায় এক অনন্য পথিকৃৎ সিতেশ রঞ্জন দেবের প্রয়াণ

১০

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক