নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের এই অনড় অবস্থানে বড় চাপে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি সামাল দিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।
এনডিটিভির খবর অনুযায়ী, রোববার বরোদায় অনুষ্ঠিতব্য ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচের ফাঁকে এই বৈঠক হবে। সেখানে চলমান সংকট, টুর্নামেন্ট আয়োজন এবং নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।বিসিবি প্রথমে আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারত ছাড়া অন্য দেশে ম্যাচ খেলতে চায়—শ্রীলঙ্কাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে দ্বিতীয় চিঠিতে বিসিবি স্পষ্ট করে যে বিষয়টি শুধু ভেন্যু পরিবর্তন নয়, বরং নিরাপত্তা ও রাজনৈতিক সংবেদনশীলতার সঙ্গেও জড়িত।
এই টানাপোড়েনের সূত্রপাত আইপিএল দল কেকেআর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।
আইসিসি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে জয় শাহের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া প্রায় অসম্ভব এবং এতে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যে বড় ধরনের রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে। তবুও বিসিবি আবারও জানিয়েছে—নিরাপত্তা ইস্যুতে তারা ভারতে খেলতে যাবে না।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন