সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলকে ‘ক্লোজড মিলিটারি জোন’ ঘোষণা করেছে। এ পদক্ষেপকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
গত সপ্তাহে আলেপ্পোতে কয়েকদিনের সংঘর্ষে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়। শেষ পর্যন্ত শেখ মাকসুদ এলাকা থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে নেওয়া হয়। এরপর সিরীয় কর্তৃপক্ষ অভিযোগ করে, এসডিএফ মাসকানা ও দেইর হাফের এলাকায় অবস্থান শক্ত করছে। তবে এসডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।
এসডিএফ দাবি করেছে, সরকার বাহিনী দেইর হাফের এলাকায় গোলাবর্ষণ শুরু করেছে, যদিও হতাহতের খবর নেই। সিরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এসডিএফ-এর ‘ক্রমাগত মোবিলাইজেশন’ এবং ইরানি তৈরি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে আলেপ্পোতে হামলার অভিযোগের কারণে এ অঞ্চলকে সামরিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার আলেপ্পো গভর্নরেট ভবনে এক ড্রোন হামলা হয়, কয়েক ঘণ্টা আগে সেখানে দুই মন্ত্রী ও স্থানীয় কর্মকর্তার সংবাদ সম্মেলন হয়েছিল। এ হামলার দায় এসডিএফ অস্বীকার করেছে। সেনাবাহিনী মঙ্গলবারের বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইউফ্রেটিস নদীর পূর্বে সরে যেতে নির্দেশ দিয়েছে।
রাজনৈতিক প্রেক্ষাপটে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারার নেতৃত্বে দামেস্ক ও এসডিএফ-এর মধ্যে আলোচনায় অচলাবস্থা চলছে। ২০২৫ সালের মার্চে এসডিএফ-কে সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার চুক্তি হলেও বাস্তবায়ন নিয়ে মতভেদ রয়ে গেছে। নতুন সেনাবাহিনীর কিছু অংশ তুরস্ক-সমর্থিত সাবেক বিদ্রোহী, যাদের সঙ্গে কুর্দিদের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে।
এসডিএফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে আইএসবির বিরুদ্ধে লড়েছে। তবে তুরস্ক তাদের পিকেকে-সংযোগের কারণে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্র একদিকে এসডিএফকে সমর্থন দিলেও অন্যদিকে আল-শারার সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে এবং কুর্দিদের চুক্তি বাস্তবায়নে চাপ দিচ্ছে।
এদিকে ইরাকের কুর্দি অঞ্চলের ইরবিলে অবস্থিত শামস টিভি প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে নির্ধারিত সাক্ষাৎকার স্থগিত করেছে, ‘প্রযুক্তিগত কারণে’ বলে জানানো হয়েছে, তবে নতুন সম্প্রচার তারিখ ঘোষণা করা হয়নি।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন