অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। পরে একই বছরের ১ জুলাই থেকে, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বছরের জুলাইয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হবে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিশনের সুপারিশে বলা হয়েছে, বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন যেখানে ৮ হাজার ২৫০ টাকা, সেখানে নতুন বেতনকাঠামোতে তা বাড়িয়ে প্রায় ১৮ হাজার টাকা বা তার বেশি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকারও বেশি করার সুপারিশ রয়েছে। নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হবে ১:৮।
নতুন বেতনকাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। এর অংশ হিসেবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিকভাবে নতুন বেতনকাঠামো কার্যকরের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারি থেকেই আংশিক বাস্তবায়ন শুরু হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনেকটাই পূরণ হবে। তবে পূর্ণ বাস্তবায়নের আগে অর্থনৈতিক সক্ষমতা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন