ঢাকায় একটি আবাসিক ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রস্তাব অনুযায়ী, লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনের একটি ফ্ল্যাট কেনার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার অর্থ বিভাগের উপস্থাপিত সংশ্লিষ্ট নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে এবং এ সংক্রান্ত ফাইল তিনি অনুমোদন করেছেন। অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটটি তাঁর স্ত্রী ও সন্তান ব্যবহার করবেন বলেও জানান অর্থ উপদেষ্টা।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি এই অনুদানের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ফ্ল্যাটটির আয়তন ১ হাজার ২১৫ বর্গফুট।
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র তাঁর স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। এ ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোকও পালন করা হয়।
এদিকে, অন্তর্বর্তী সরকার গত ১৫ জানুয়ারি তাঁর ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন