আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি ও অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে বিসিবি অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা ছাড়া আইসিসির আর কোনো বিকল্প ছিল না।
এর আগে গত বুধবার আইসিসির বোর্ড সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অবস্থান পরিবর্তন করেনি বিসিবি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বাংলাদেশের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
এদিকে ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওয়েবসাইটটির দাবি, এ বিষয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন