বিএনপি সরকার গঠন করলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শিক্ষকদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, পড়ালেখাকে শিশুদের কাছে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষা সহজ ও উপভোগ্য হলে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে শিখতে আগ্রহী হবে। শুধু একাডেমিক শিক্ষাই নয়, শিক্ষাব্যবস্থার সঙ্গে খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষায়, খেলাধুলাতেও মূল্যায়ন থাকতে হবে এবং আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হলে শিশুদের অপ্রয়োজনীয়ভাবে ইন্টারনেট আসক্তি থেকেও দূরে রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থা উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম গঠন করে সমন্বিতভাবে কাজ করা হবে।
‘মব’ সংস্কৃতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, শিক্ষকদের দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। শিশুদের নিয়ে বিএনপির সুস্পষ্ট ও আলাদা পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমানে অনেক প্রকল্প চালু থাকলেও সেগুলো সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনা রয়েছে বিএনপির।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ানো জরুরি। উৎপাদক ও ভোক্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা স্বাভাবিক হলেও কেউ যেন অনৈতিকভাবে অতিরিক্ত লাভ করতে না পারে, সে বিষয়ে নজর রাখতে হবে। পাশাপাশি দুর্বল যোগাযোগ ব্যবস্থাও অনেক সময় দ্রব্যমূল্য বাড়ার কারণ হয়ে দাঁড়ায়। কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি এসব বিষয় সমাধান করতে হবে।
তারেক রহমান বলেন, যে পরিকল্পনাই গ্রহণ করা হোক না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি রোধ করতে হবে। এগুলো নিশ্চিত করা গেলে অন্যান্য সমস্যারও সমাধান সহজ হবে।
নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, রোড ডিজাইন, গণপরিবহন ব্যবস্থা এবং কর্মসংস্থানের কেন্দ্র ঢাকাকেন্দ্রিক হওয়ায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুবিধা থাকবে।
গণপরিবহন ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ফ্লাইওভার ও মেট্রোরেল নির্মাণ হলেও মেট্রোরেল ব্যয়বহুল এবং বেশি জায়গা নেয়। বিকল্প হিসেবে মনোরেল কার্যকর হতে পারে, যা ছোট বগি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় সহজে সংযুক্ত করা সম্ভব।
প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, অনেক তরুণ অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। পাশাপাশি প্রবাসীরা বৈধ ও সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থাও করা যেতে পারে বলে জানান তিনি।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন