চেয়ারপারসন তারেক রহমান আজ বরিশালের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, এক সময়ের ‘গোপন সংগঠন’ এখন নতুন স্বৈরাচারীর মতো আচরণ করছে।
তারেক রহমান অভিযোগ করেন, “দেশের মা-বোনেরা তাদের কাছ থেকে নিরাপদ নন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা আমাদের বিরুদ্ধে সেই একই ভাষা ব্যবহার করছে, যা একসময় স্বৈরাচারীরা ব্যবহার করত।”
তিনি বলেন, জনগণের রায়েই বাংলাদেশ চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ এমন একটি সরকার নির্বাচন করবে, যা তাদের কাছে জবাবদিহি করবে।
নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি গভীর বেদনা ও ঘৃণার সঙ্গে লক্ষ্য করছি, ওই দলের নেতারা প্রকাশ্যে নারীদের বিরুদ্ধে কুৎসিত ভাষা ব্যবহার করছে। তাদের কোনো সম্মান নেই মা-বোনদের প্রতি, নেই মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা।”
কুমিল্লার এক নেতার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা বলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের পা ধরে ভোট চাইবে, তারপর উল্টোটা হবে। এ ধরনের মানসিকতা জনগণের প্রতি তাদের আচরণকে প্রকাশ করে।”
তারেক রহমান বলেন, “যদি তারা নির্বাচিত হয়, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং তাদের শিক্ষা দিতে হবে।”
তিনি আরও বলেন, এই ‘গোপন দল’ সবসময় স্বৈরাচারী সরকারের সঙ্গে ছিল। “তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা ’৭১, ’৮৬, ’৯৬ এবং গত ১৫ বছর ধরে তাদের সঙ্গে ছিল।”
বরিশালের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙন সবচেয়ে বড় সমস্যা। এজন্য বাঁধ নির্মাণ জরুরি। বিএনপির পূর্ববর্তী মেয়াদে শুরু হওয়া অনেক প্রকল্প এখনো অসম্পূর্ণ রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে এসব প্রকল্প সম্পন্ন করা হবে।
নারী-পুরুষের সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নারীদের ঘরে বন্দি রেখে দেশ এগোবে না। পুরুষ ও নারীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এ সময় তারেক রহমান বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনে বিএনপি ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
প্রায় ২০ বছর পর বরিশালে তারেক রহমানের সমাবেশে সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। ঐতিহাসিক বেলস পার্ক মাঠে ঢাক-ঢোল বাজিয়ে, রঙিন পোশাকে তারা সমাবেশে অংশ নেন। দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারে বরিশাল আউটার স্টেডিয়ামে পৌঁছে তারেক রহমান মোটরকেডে সমাবেশস্থলে আসেন। তার আগমনকে ঘিরে কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। পুরো মাঠে ধ্বনিত হয় ধানের শীষের পক্ষে নানা স্লোগান।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হলে দক্ষিণাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন