জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ভোট দেওয়ার তাগিদে বাড়ি ফেরা মানুষের এই দৃশ্য রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে স্পষ্ট হয়ে উঠেছে।
বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস ধরতে ঘরমুখো ভোটারদের ব্যস্ততা চোখে পড়ছে। কারও হাতে ব্যাগ, কারও মাথায় বস্তা। অনেকেই পরিবার নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আবার কেউ দলবেঁধে পিকআপ ও ট্রাকে করে বাড়ির পথে রওনা হয়েছেন। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে যেন ঈদের আগের চিরচেনা দৃশ্য ফিরে এসেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার থেকে যাত্রীর চাপ আরও বাড়বে। দূরপাল্লার বাসের আগাম টিকিটও প্রায় শেষ হয়ে গেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহ করতে দীর্ঘ সারি দেখা গেছে। কয়েক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে অনেকেই নিজ এলাকায় ফিরছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
চাকরি ও কর্মসূত্রে ঢাকা ও গাজীপুরে দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বসবাস করেন। তাদের স্থায়ী ঠিকানা গ্রাম বা মফস্বল শহরে এবং তারা নিজ নিজ এলাকার ভোটার। দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় তাদের মধ্যে বাড়ি ফেরার আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য চার দিনের ছুটি দেওয়া হয়েছে। এই ছুটিকে কাজে লাগিয়ে ঢাকা ও গাজীপুরের অস্থায়ী বাসিন্দারা নিজ নিজ এলাকায় ছুটছেন।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি দেওয়া হয়েছে। ফলে ভোট দেওয়া ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগে বাড়ি ফেরার এই স্রোত তৈরি হয়েছে।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর, ঢুলিভিটা, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার এবং নবীনগর–চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আশুলিয়া ও জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। এতে কোথাও কোথাও যানজট ও বাসসংকটের কারণে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন