ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির। একই সঙ্গে বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরবর্তীতে এনসিপির সদস্যরাও শপথগ্রহণ করেন। জামায়াত ও এনসিপিসহ ১১-দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা এদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সকালে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন এবং বিকেলে দলের নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বলে জানা গেছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন