কূটনৈতিক সফরের মাঝেই রূপালি পর্দার ছোঁয়া দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি ভারত সফরকালে তিনি প্রকাশ করেছেন তার প্রিয় বলিউড তারকার নাম। তবে অন্য অনেকের মতো শাহরুখ খানের নাম নয়, বরং তিনি বেছে নিয়েছেন অনিল কাপুরকে।
ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ব্রুট ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, “গতকালই আমি ‘জয় হো’ (স্ল্যামডগ মিলিয়নিয়ারের গান) প্রসঙ্গে কথা বলেছি, তাই আমি অনিল কাপুরের নামই বলব।” তাঁর এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কূটনীতির সঙ্গে জনপ্রিয় সংস্কৃতির এক অনন্য সমন্বয় দেখা গেছে।
মুম্বাই সফরের সময় ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একঝাঁক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন। গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, অনিল কাপুর, জোয়া আখতার, রিচা চাড্ডা, শাবানা আজমি এবং রিকি কেজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করে ম্যাক্রোঁ লিখেছেন, “ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তিদের পাশে। সংস্কৃতি আমাদের ঐক্যবদ্ধ করে।”
বিশেষ এই সাক্ষাতের পর অভিনেতা অনিল কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রান্স প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সিনেমা, সংস্কৃতি এবং ভারত-ফ্রান্স সম্পর্কের শক্তিশালী সেতুবন্ধন নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গল্প বলার শিল্প কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়েও তিনি আলোকপাত করেন।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তিন দিনের সফরে মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করেন। দিল্লিতে তিনি ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেন। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারত ও ফ্রান্স যৌথভাবে ‘এআই অ্যাকশন সামিট’ আয়োজন করেছিল। ‘হরাইজন ২০৪৭’ রোডম্যাপের আওতায় উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তিগত অংশীদারিত্ব দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে অনিল কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘ওয়ার ২’ ছবিতে কর্নেল বিক্রান্ত কউলের চরিত্রে। সামনে তাঁকে দেখা যাবে শিভ রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে। এছাড়া অনিল অভিনীত সুরেশ ত্রিবেণী পরিচালিত অ্যাকশন-ড্রামা ‘সুবেদার’ আগামী ৫ মার্চ প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন