আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযান ‘অপারেশন গাজাব লিল-হক’ নিয়ে পাকিস্তান সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এ পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং আরও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, এই অভিযানে তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮টি পোস্ট দখল করেছে পাকিস্তানি বাহিনী। এছাড়া প্রাথমিক হিসাব অনুযায়ী তালেবানের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি রাতে আফগান সেনারা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সীমান্তবর্তী ডুরান্ড লাইনে পাক সেনাচৌকিগুলোতে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয় এবং কয়েকজনকে ধরে নিয়ে যায় আফগান বাহিনী। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তান বিমানবাহিনী ২১ ফেব্রুয়ারি নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালিয়ে ৮০ জনের বেশি মানুষ হত্যা করেছিল। তার প্রতিশোধ হিসেবেই আফগান সেনারা এই হামলা চালায়।
হামলার কয়েক ঘণ্টা পরই পাকিস্তান সেনারা পাল্টা অভিযান শুরু করে। রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু হয়। এর অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী রাজধানী কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায়।
এই ঘটনাপ্রবাহ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও সন্ত্রাসবিরোধী অভিযানের প্রেক্ষাপটে এই সংঘাত নতুন মাত্রা যোগ করেছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন