সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি)গুলোতে ভাষা শিক্ষা কার্যক্রম জোরদার করতে ৯৯ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষ প্রার্থীদের নিয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ মার্চের মধ্যে ডাকযোগে আবেদন পাঠাতে হবে।
মোট ৯৯টি পদের মধ্যে ভাষাভিত্তিক শূন্যপদ সংখ্যা হলো—
জাপানিজ: ৫০ জন
ইংরেজি: ২০ জন
আরবি: ৮ জন
ইটালিয়ান: ৮ জন
জার্মান: ৭ জন
কোরিয়ান: ৬ জন
জাপানিজ, কোরিয়ান, জার্মান ও ইটালিয়ান ভাষার ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট ভাষার নির্দিষ্ট দক্ষতা সনদ থাকতে হবে (যেমন: JLPT N3, TOPIK Level-3 ইত্যাদি)।
ইংরেজি ও আরবি ভাষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। সংশ্লিষ্ট দেশে অবস্থান বা কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিত প্রশিক্ষকেরা প্রতি ঘণ্টায় ৮০০ টাকা করে সম্মানী পাবেন। তবে দিনে সর্বোচ্চ চার ঘণ্টার বেশি সম্মানী প্রাপ্য হবে না।
প্রার্থীদের বিএমইটির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে পাঠানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপিসহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের ঠিকানা:
মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি),
৮৯/২, কাকরাইল, ঢাকা।
জাপানিজ ভাষা ছাড়া অন্যান্য সব ভাষার লিখিত ও মৌখিক পরীক্ষা ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। জাপানিজ ভাষার পরীক্ষা নেওয়া হবে ১০ এপ্রিল।
উভয় পরীক্ষাই ঢাকার মিরপুরে অবস্থিত ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (DTTTI) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিদেশমুখী কর্মসংস্থানের বাজারে ভাষা দক্ষতার চাহিদা বাড়ায় এ নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন