মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বুধবার (৪ মার্চ) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক দিক বিবেচনা করে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেয়। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।
দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে উড়বে এবং স্থানীয় সময় রাত ১০টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।
৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটগুলো পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।
দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
ইউএস-বাংলা জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। টিকেট বুকিংয়ের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন