কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে নিজেদের অবস্থান শক্ত রাখতে এবং আইফোনের বিক্রি বাড়াতে নতুন সাশ্রয়ী মডেল আনছে অ্যাপল। 'আইফোন ১৭ই' নামের এই ফোনের প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭৩ হাজার টাকার বেশি। আগামী ১১ মার্চ থেকে বিশ্বের বিভিন্ন বাজারে পাওয়া যাবে এই নতুন ডিভাইস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, মূল আইফোন ১৭-এর তুলনায় নতুন আইফোন ১৭ই প্রায় ২০০ ডলার কম দামে বিক্রি হবে। আইফোন ১৭ই মূলত আইফোন ১৭-এর একটি সরল সংস্করণ হিসেবে বাজারে আসছে।
যা থাকছে নতুন আইফোনে
নতুন এই ফোনে মূল আইফোন ১৭-এর মতোই শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে কিছু বৈশিষ্ট্য এতে রাখা হয়নি। যেমন—পর্দা কিছুটা ছোট রাখা হয়েছে, ডিভাইসে দুটির পরিবর্তে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং অ্যাপ-ভিত্তিক তথ্য প্রদর্শনের 'ডায়নামিক আইল্যান্ড' সুবিধাটি রাখা হয়নি।
অ্যাপলের এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা ভিন্নভাবে দেখছেন। একদ যেমন তারা সাশ্রয়ী মূল্যের ফোন বাজারে এনে গ্রাহকসংখ্যা বাড়াতে চাইছে, অন্যদিকে কিছু ফিচার বাদ দিয়ে খরচ কমিয়ে আনার কৌশল নিয়েছে।
কার লক্ষ্য গ্রাহক?
আইফোন ১৭ই মূলত সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে আনা হচ্ছে, যারা অ্যাপলের শক্তিশালী প্রসেসর ও আধুনিক সফটওয়্যার সমর্থন চান, কিন্তু উচ্চ মূল্যের কারণে মূল আইফোন ১৭ কিনতে আগ্রহী নন। অ্যাপল আশা করছে, এই মডেল তাদের বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এআই প্রযুক্তিতে অ্যাপলের অবস্থান
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে বর্তমানে গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো এগিয়ে থাকলেও অ্যাপল ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে। আইফোন ১৭ই-তে ব্যবহৃত শক্তিশালী প্রসেসর এআই-সম্পর্কিত বিভিন্ন কাজ সহজে করতে সক্ষম বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে কীভাবে আসবে?
সাধারণত অ্যাপলের নতুন পণ্য বাংলাদেশের বাজারে আনতে আরও কয়েক সপ্তাহ সময় লাগে। তবে ধারণা করা হচ্ছে, মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের প্রথম দিকে দেশের বিভিন্ন অনলাইন ও অফলাইন স্টোরে আইফোন ১৭ই পাওয়া যেতে পারে।
সাশ্রয়ী মূল্যের আইফোন সব সময়ই গ্রাহকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। আইফোন ১৭ই-এর মাধ্যমে অ্যাপল সত্যিই কতটা সাফল্য পায়, তা নির্ভর করছে এর বৈশিষ্ট্য ও মূল্যের ওপর। ১১ মার্চ থেকে বিশ্ববাজারে ছাড়া হচ্ছে এই ফোন। বাংলাদেশে এর আগমন ও গ্রাহক সাড়া কেমন হয়, সেদিকে তাকিয়ে থাকবে প্রযুক্তিপ্রেমীরা।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন