গত বছরের অক্টোবরে হওয়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি ও শামিম হোসেন। ইনজুরির কারণে দলে রাখা হয়নি দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে।
যারা ফিরলেন দলে
ওয়ানডে দলে ফিরেছেন লিটন কুমার দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। এই চার ক্রিকেটার কিছুদিন ধরেই দলের বাইরে ছিলেন।
আফিফ হোসেন সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে দেশের হয়ে ওয়ানডে খেলেছেন। ২০২০ সালে অভিষেকের পর ৩৪ ওয়ানডেতে ৬৬৭ রান করেছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আফিফ। ঐ প্রতিযোগিতায় তিন ইনিংসে ৬৪ গড়ে ১২৮ রান করেন তিনি।
লিটন কুমার দাস সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডেতে ফর্মহীনতায় ভুগলেও টি-টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। এছাড়া টেস্টে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন।
সিরিজ সূচি
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল:
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
দল নির্বাচন নিয়ে যা বলছেন বিশ্লেষকরা
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, লিটন ও আফিফের ফেরা দলের জন্য ইতিবাচক। বিশেষ করে আফিফের সাম্প্রতিক ফর্ম তাকে দলে জায়গা করে দিয়েছে। অন্যদিকে ইনজুরিতে পড়া হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবের অনুপস্থিতি পেস বোলিংয়ে কিছুটা চাপ তৈরি করতে পারে।
তবে শরিফুল ইসলাম ও নাহিদ রানার ফেরায় পেস বিভাগে কিছুটা ভারসাম্য এসেছে বলে মনে করছেন তারা।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়ে ওয়ানডে ফরম্যাটে নতুন যাত্রা শুরু করতে চায় বাংলাদেশ। আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানিয়েছে বিসিবি।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন