জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
বন্ধ থাকবে সব পবিত্র স্থান
ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার।
তিনি বলেন, এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
আল আকসার গুরুত্ব
ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। ইসলামের ইতিহাসে এই মসজিদের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে।
প্রতিক্রিয়া ও উদ্বেগ
আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞার ঘটনায় মুসলিম বিশ্বে উদ্বেগ ও নিন্দা প্রকাশের খবর পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরই অংশ হিসেবে ইসরায়েল এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
আল আকসা মসজিদে আগেও বেশ কয়েকবার নামাজে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরায়েল। তবে দীর্ঘদিন পর আবারও এমন সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন