ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৬ মার্চ) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবের এই বিমানবন্দরে আঘাত হেনেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। লাইভ ফুটেজে দেখা গেছে, তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ সময় সেগুলো প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সক্রিয় হয়েছে।
ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
ট্রাম্পের কৌশল পরিবর্তন
এদিকে ইরানে সামরিক অভিযানের মেয়াদ নিয়ে শুরুর দিকে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসেছেন তিনি। ব্রিটিশ সাময়িকী টাইমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তার কোনো নির্ধারিত সময়সীমা নেই।
ট্রাম্প বলেন, "ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো—ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না।"
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তার পরের দিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আগামী ৪ সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ হবে বলে আশা করছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার পরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
তবে সর্বশেষ সাক্ষাৎকারে সময়সীমার বিষয়টি থেকে সরে এসেছেন ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে
বেন গুরিয়ান বিমানবন্দরে এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও চরম পর্যায়ে নিয়ে গেছে। ইসরায়েলের প্রধান এই বিমানবন্দরটি আন্তর্জাতিক যাত্রী পরিবহনের প্রধান কেন্দ্র। এই হামলায় বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে গত কয়েকদিনে ইসরায়েলের তেল আবিব শহরসহ বিভিন্ন স্থাপনায় একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও শহরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন