সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ বাংলাদেশি। শনিবার (৭ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি শ্রমিক আবাসনে এ হামলার ঘটনা ঘটে। নিহত অপরজন ভারতীয় নাগরিক ।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, একটি ‘সামরিক প্রজেক্টাইল’ আল-খার্জের একটি রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কোম্পানির শ্রমিকদের আবাসনে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতরা সবাই বাংলাদেশি নাগরিক ।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একই দিনে জানিয়েছে, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানে অবস্থিত রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ।
সৌদি সিভিল ডিফেন্সের এক্স-এ দেওয়া পোস্টে বলা হয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনার পরপরই উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ।
এই হামলায় এখন পর্যন্ত সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত শত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ।
আরব লিগের প্রধান আহমেদ আবুল গেইত ইরানের ‘বেপরোয়া নীতি’র তীব্র সমালোচনা করেছেন এবং আরব দেশগুলোতে হামলার জন্য ইরানের সমালোচনা করেছেন ।
এ ঘটনায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে আহতদের চিকিৎসা ও নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন