নিম্নআয়ের নারীপ্রধান পরিবারের জন্য সরকারের নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি 'ফ্যামিলি কার্ড' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, "ফ্যামিলি কার্ড আজ স্বপ্ন নয়। ফ্যামিলি কার্ড আজ সবার দোরগোড়ায়। ফ্যামিলি কার্ড একটি ভরসার নাম, আস্থার নাম।"
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ নিম্নআয়ের নারীপ্রধান পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
'ফ্যামিলি কার্ড' কর্মসূচির আওতায় সরকার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলোকে ভাতা দেবে। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। তারা ঘরে বসেই এই ভাতা পাবেন।
অনুষ্ঠানে রাজধানীর কড়াইল, সাততলা বস্তি ও ভাষাণটেকের ১৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরীক্ষামূলক পর্যায়ে 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষামূলক পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। পরে সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলো হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিতে ভাগ করা হয়েছে।
প্রাথমিকভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত হিসেবে চিহ্নিত ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য যাচাই করা হয়। এতে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া গেছে।
তবে একই ব্যক্তি একাধিক ভাতা নিচ্ছেন, সরকারি চাকরি করছেন বা পেনশনভোগী আছেন—এসব বিবেচনায় চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।
কর্মসূচিটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করে এর ফলাফল বিশ্লেষণ করে পরবর্তীতে দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন