মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ ১৪তম দিনে পৌঁছেছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকেই গোটা অঞ্চলে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তেহরানে বিস্ফোরণ, সৌদিতে ড্রোন হামলা প্রতিহত, দুবাইয়ে বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ—রাতভর উত্তপ্ত ছিল গোটা অঞ্চল।
সৌদি আরব জানিয়েছে, আজ শুক্রবার এ পর্যন্ত ৫৬টি ড্রোন প্রতিহত করেছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শুক্রবার সকাল থেকে তাদের আকাশসীমায় প্রবেশ করা ৫৬টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন রাজধানী রিয়াদের কঠোর নিরাপত্তাসম্পন্ন কূটনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, আগের ২৪ ঘণ্টার মধ্যে ৫৩টি ড্রোন ও ৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ড্রোনগুলো কে বা কারা উৎক্ষেপণ করেছে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দুবাইয়ে আজ শুক্রবার সকালে বিকট শব্দে বেশ কিছু বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংবাদ সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, শক্তিশালী এসব বিস্ফোরণে শহরের ভবনগুলো কেঁপে ওঠে। বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের অন্যতম এ প্রধান অর্থনৈতিক কেন্দ্রের মধ্যাঞ্চলীয় এলাকার আকাশে বিশাল ধোঁয়ার মেঘ জমতে দেখা গেছে।
দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, 'আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।'
কর্তৃপক্ষ আরও বলেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট কালো ধোঁয়া দুবাইয়ের বিখ্যাত পালতোলা আকৃতির বুর্জ আল আরব হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে।
ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তেহরানের পূর্ব দিকের দুটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানিয়েছেন।
ফিলিস্তিনিদের সমর্থনে আজ শুক্রবার আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি 'আল কুদস দিবস' উপলক্ষে ইরানের ছোট-বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানসহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তাঁর নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে। এমন এক সময়ে এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে 'বড় ধরনের হামলার' ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি 'গুরুতর আহত'। ফক্স নিউজের 'দ্য ব্রায়ান কিলমিড শো'-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।'
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ হাজার ৫৫১ জন।
ইসরায়েলের উত্তরাঞ্চলে আজ শুক্রবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন।
ওমানে একটি ড্রোন বিধ্বস্তের ঘটনায় দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। ওমানের সোহারের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত হন।
রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের 'অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল' অনলাইনে প্রকাশিত এক চিঠিতে জানিয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন