বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতা সমাধান হলেই দ্রুত দেশে ফিরে জাতীয় দলে যোগ দিতে চান তিনি। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চলমান বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ঘিরে সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছিল। তবে তার বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফেরা সম্ভব হয়নি। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজও এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। ফলে সাকিব কবে আবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন, তা এখনও নিশ্চিত নয়।
পডকাস্টে সাকিব বলেন, তিনি আশা করছেন দ্রুতই পরিস্থিতির সমাধান হবে। তার ভাষায়, বিষয়টি পুরোপুরি আইনি জটিলতার সঙ্গে জড়িত হওয়ায় এতে সময় লাগছে। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি ।
সাকিব আল হাসান বলেন, ‘আমি মনে করি বিসিবি এখন পর্যন্ত আন্তরিক ছিল। তাদের প্রচেষ্টা যদি আর একটু বাড়ে, তাহলে হয়তো দ্রুতই সমাধানে পৌঁছানো যাবে।’
আইনি জটিলতা কবে শেষ হবে সে বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সাকিব বলেন, এ ধরনের পরিস্থিতি তার জন্য নতুন অভিজ্ঞতা। তাই কত সময় লাগতে পারে তা তার পক্ষেও নির্দিষ্ট করে বলা কঠিন। তবে সমস্যা সমাধান হলেই দ্রুত দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
তিনি বলেন, ‘যদি আইনি সমস্যাগুলো সমাধান হয়ে যায়, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি চলে আসব। যেদিন সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তার পরের দিনই ফিরে আসব।’
সাকিবের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে: চেক ডিজঅনার, অর্থ আত্মসাৎ এবং হত্যা মামলা। সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো ২০২৪ সালের আগস্টের শেষ দিকে আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলা, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে সাকিবকে ২৮ নম্বর আসামি হিসেবে রাখা হয়েছে ।
ঘটনার সময় সাকিব গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে কানাডায় ছিলেন। তদন্ত কর্মকর্তা মো. টিপু সুলতানের মতে, মামলায় প্রায় ১৪৮ জনের নাম রয়েছে। এখনো কোনো চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
পডকাস্টে আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং নিয়েও মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে এর আগেও উসমান তারিকের মুখোমুখি হয়েছেন তিনি। সাকিবের মতে, তার বোলিং অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া শুরুতে ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, ‘প্রথমবার যারা ওকে খেলছে, তাদের জন্য বিষয়টা সাধারণত একটু কঠিন হয়ে যায়। খেলতে খেলতে কিছুটা অভ্যস্ত হওয়া যায়।’
এ প্রসঙ্গে অতীতের কয়েকজন রহস্য স্পিনারের কথাও উল্লেখ করেন সাকিব আল হাসান। তিনি বলেন, ক্রিকেটে মাঝেমধ্যেই এমন ব্যতিক্রমী বোলার দেখা যায়। উদাহরণ হিসেবে তিনি অজন্তা মেন্ডিস এবং মুত্তিয়া মুরালিধরনের মতো স্পিনারদের নামও উল্লেখ করেন।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন