ঈদের ছুটির মধ্যে ফাঁকা সড়কে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার গভীর রাত থেকে রোববার (২২ মার্চ) দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনার তথ্য জানিয়েছে পুলিশ।
সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজারে। গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও আটজন।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।
নিহতরা হলেন—
তাজুল ইসলাম (৬৭) – চাঁদপুরের চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে
জুহাদ বিশ্বাস (২৪) – ঝিনাইদহের মোক্তার বিশ্বাসের ছেলে
সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫) – যশোরের চৌগাছার
বাবুল চৌধুরী (৫৫) – নোয়াখালীর সোনাইমুড়ির
ফচিয়ার রহমান (২৬) – মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে
সোহেল রানা (২৫) – চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে
নজরুল ইসলাম রায়হান (৪৫) – নোয়াখালীর ফাজিলপুরের মো. সেলিমের ছেলে
সাঈদা (৯) – লক্ষ্মীপুর সদরের সিরাজুল ইসলামের মেয়ে
লাইজু আক্তার (২৬), খাদিজা (৬) ও মরিয়ম (৩) – যশোরের গাড়ি চালক পিন্টু ইসলামের স্ত্রী ও মেয়ে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজনের প্রাণ গেছে। ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পিকআপ ভ্যানের চালক ইব্রাহিম, আসমা আক্তার (৪০) ও তার ছেলে সজিব (১৩)।
ফেনীর সদর উপজেলায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রোববার ভোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—মোহাম্মদ মোরশেদ (৩৯) ও সোহাগ (৩৮)।
নওগাঁর রাণীনগরে ঈদের দিন বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার রাত পৌনে ৯টায় ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ১২ বছর বয়সী মো. হৃদয় রাণীনগর উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৯ বছর বয়সী জুলফিকার আলী জিল্লু পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া নওদাপাড়া এলাকার আনছারুলের ছেলে।
এসব দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঈদের আনন্দের মধ্যে প্রাণহানির এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন