ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওরে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আশিকের বাড়ি নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামে। তিনি জাহিদুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইন্সের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
নস্তি বাওর এলাকার বাসিন্দা নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইন্সের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী ও ড্রাইভার আশিক আহম্মেদ বাওরে মাছ ধরতে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে আশিককে বিষধর সাপে কামড় দেয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওরে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছ ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে আশিক অসুস্থ হয়ে পড়েন।
সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা যান। তার পায়ে সাপে কাটার মতো ক্ষত চিহ্ন ছিল। হাতের নখগুলো নীল হয়ে ছিল। সাপে কাটা রোগীর যে ধরণের লক্ষণ দেখা যায়, আশিকেরও সেরকম ছিল।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষধর সাপের কামড়ে অকাল প্রাণ হারানো পুলিশ সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন