কক্সবাজার শহরের উত্তর টেকপাড়ায় একটি মসজিদে ঢুকে মুসল্লিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উত্তর টেকপাড়ার বায়তুশরফ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের আগে জায়নামাজ ও টুপি হাতে নিয়ে নুরুল আজিম নাহিদ নামে এক যুবক মসজিদে প্রবেশ করেন। প্রথমে তার আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ তিনি ছুরি দিয়ে মুসল্লিদের এলোপাতাড়ি আঘাতের চেষ্টা করেন। এতে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় পেশকারপাড়া এলাকার আক্তার হোসেন নামে এক মুসল্লির হাতে ছুরিকাঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠান।
ঘটনার পর অভিযুক্ত যুবক মসজিদের মিম্বারে উঠে ছুরি হাতে অঙ্গভঙ্গি করতে থাকেন। ফলে উপস্থিত লোকজনের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন জানান, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবকের মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ পাওয়া গেছে বলে জানান তিনি।
এ ঘটনায় মসজিদের মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহত মুসল্লির অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন