জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায়কে এক ধরনের ভুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে যেতে চাইছে। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরও ভুলুণ্ঠিত করতে দ্বিধা করবে না।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “এই গণঅভ্যুত্থানের পর সব গণহত্যার বিচার বাংলাদেশে হবে। তবে সেটা যথাযথ প্রক্রিয়ায় করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ছিলাম এবং এখনও আমরা বিচার চাইছি। আমাদের আহ্বায়ক কথা বলেছেন, সদস্য সচিব কথা বলেছেন। তারা বারবার বলেছেন, বিচারের বিষয়ে আমরা বদ্ধপরিকর এবং বিচার আদায় করার জন্য আমরা কাজ করবো, সেটা যেকোনও গণহত্যার ক্ষেত্রে।”
তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে যখনই কেউ গণরায়ের বিরুদ্ধে গেছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।” তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, “১৯৭০ সালের নির্বাচনে গণরায় একদিকে আসে এবং তাদের ক্ষমতা দেওয়া হয় না, ১৯৭১-এ স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়। ১৯৯০-তেও এই পরিস্থিতি হয়, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়। ১৭ বছরের নিষ্পেষণের পর মানুষ যখন তাদের কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়, তাদেরও কিন্তু পদদলিত করা হয়েছে এ দেশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।”
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, “এবারও যেই গণরায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে। গণরায়কে ভুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে।”
তিনি বলেন, “অবশ্যই এত রক্তের বিনিময়ে যেই সংস্কার এবং যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদের পরিবারেরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছেন, সেটা বাস্তবায়ন করতে হবে। এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না।”
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান তাহলে স্বাধীনতার রক্ষার জন্য জনগণকে নিয়ে আমাদের আবার মাঠে নামতে হতে পারে।”
স্বাধীনতা দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এনসিপি নেতা এই মন্তব্য করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণেও ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন