ইরানের ইস্পাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে ২ হাজার পাউন্ডের (৯০৭ কেজি) ‘বাংকার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে এই তথ্য জানিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় বিপুল সংখ্যক ‘পেনিট্রেটর মিউনিশন’ বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কোনো ক্যাপশন ছাড়াই একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এটি ইস্পাহানের উপকণ্ঠে চালানো একটি বড় ধরনের হামলার অংশ।
বেলুচ মানবাধিকার গোষ্ঠী ‘হালভাশ’ ইস্পাহানের বাইরে থেকে ধারণ করা একই ধরনের আরও কিছু ভিডিও শেয়ার করেছে। নাসার স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, বিস্ফোরণগুলো সোফেহ পাহাড়ের কাছে ঘটেছে। ধারণা করা হয়, ওই এলাকায় সামরিক অবস্থান রয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইরানের ভূখণ্ডে সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনাগুলোর একটি। ‘বাংকার বাস্টার’ বোমা সাধারণত মাটির গভীরে অবস্থিত সুরক্ষিত স্থাপনা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। ইস্পাহান ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প শহর, যেখানে পারমাণবিক স্থাপনাও রয়েছে।
হামলার পর ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে চলমান এই সংঘাত আরও প্রসারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন