নারায়ণগঞ্জের বন্দরে ১১ বছরের শিশু আরাফাত হোসেনকে হত্যার দায়ে মো. রিপন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত রিপন বন্দরের লাউসার এলাকার মো. ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, নিহত আরাফাত হোসেন বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল পারিবারিক বিরোধ ও প্রতিশোধের নেশা।
তিনি আরও জানান, রিপন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিল, একটি ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের বড় ভাই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। এছাড়া রিপন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন, যাতে বাধা দেন আরাফাতের বাবা। এসব ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয়ে রিপন শিশু আরাফাতকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
রায়ের পর প্রসিকিউশন জানায়, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামি অনুপস্থিত থাকায় তাকে গ্রেপ্তারের পর সাজা কার্যকর হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন