দেশের রাজস্ব আয় বৃদ্ধিতে সারচার্জের পরিবর্তে ‘ওয়েলথ ট্যাক্স’ (সম্পদ কর) ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ (উত্তরাধিকার কর) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রাক বাজেট আলোচনায় এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে ইনকাম ট্যাক্সের বাইরে অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য ওয়েলথ ট্যাক্স চালু করা যেতে পারে। একইভাবে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পত্তি বা সিটি করপোরেশন এলাকায় থাকা সম্পত্তি হস্তান্তরের সময় ইনহেরিটেন্স ট্যাক্স আরোপের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, রাজস্ব আদায় বাড়াতে দুর্নীতির পথ বন্ধ করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা ও দক্ষ কর্মকর্তাদের উৎসাহিত করলে রাজস্ব লিকেজ কমবে এবং আয় বাড়বে।
ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে এনবিআরের উদ্যোগের কথা তুলে ধরে চেয়ারম্যান বলেন, কাস্টমস সাইডে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা হয়েছে এবং বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে। এতে গার্মেন্টস খাতসহ রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন।
অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে ভ্যাট ও ইনকাম ট্যাক্সে ঝুঁকিভিত্তিক অনলাইন অডিট চালু করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শতভাগ অনলাইন রিটার্ন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, ফেব্রুয়ারি পর্যন্ত গত বছরের তুলনায় ২৮ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। ইনকাম ট্যাক্স, কাস্টমস ও ভ্যাটের জন্য আলাদা টাস্কফোর্স গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে বেশি হবে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন