দিনাজপুরের হিলিতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। মাত্র ২৪ দিন বয়সী এক শিশুর হাতের আঙুল কেটে ফেলা এবং শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় হিলি পৌর এলাকার চুড়িপট্টি থেকে শিশুটিকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন—শিশুটির মা খাদিজা বেগম এবং বাবা সাগর হোসেন। স্থানীয়রা জানান, দুজনই মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে শিশুটিকে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামানোর পরিকল্পনা করেন তারা। প্রথমে মা শিশুটির হাতের আঙুল কেটে দেন, পরে বাবা বিচ্ছিন্ন আঙুলগুলো পুকুরে ফেলে প্রমাণ নষ্টের চেষ্টা করেন। শিশুটির কান্না শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তাওহীদ জামান বলেন, শিশুটির ডান পায়ে পুরনো পোড়া ক্ষত রয়েছে, যেখানে সংক্রমণ দেখা দিয়েছে। এছাড়া ডান হাতের আঙুলগুলো কাটা।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানবিক কারণে মা-বাবাকেও হাসপাতালে রাখা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন