সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র জাফলংকে পৌরসভায় উন্নীত করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গত ২৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে এই চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা প্রশাসনকে জাফলংয়ের জনসংখ্যা, আয়ের উৎসসহ সকল পরিসংখ্যান জানাতে পরিপত্র জারি করা হয়েছে।
চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, জাফলং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। স্থানীয় পর্যটনের বিকাশ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতির উন্নয়ন এবং নগর সুবিধা নিশ্চিত করতে জাফলংকে পৌরসভায় উন্নীত করা জরুরি। এতে স্থানীয় মানুষের জীবনমানও উন্নত হবে।
প্রকৃতি কন্যা জাফলং পাহাড়, নদী, ঝর্ণা ও চা বাগানের সমন্বয়ে গড়ে উঠেছে এক অনন্য ভ্রমণকেন্দ্র। প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকরা এখানে ভিড় করেন। তবে সড়ক ব্যবস্থা অনুন্নত এবং নাগরিক সুবিধার অভাবে পর্যটকরা দুর্ভোগে পড়েন। স্থানীয়রা মনে করছেন, পৌরসভায় উন্নীত হলে এসব সমস্যা কমবে এবং পর্যটকরা উন্নত সেবা পাবেন।
এদিকে, মন্ত্রীর সুপারিশের পর স্থানীয় সরকার বিভাগ থেকে সিলেট জেলা প্রশাসককে জাফলংয়ের প্রস্তাবিত পৌরসভার সার্বিক তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, পরিবেশবান্ধব টয়লেট নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন