ময়মনসিংহের ফুলপুরে ‘ধর্ষণের শিকার’ হয়ে বিষপানে আত্মহত্যা করা এক স্কুলছাত্রীর (১৩) ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. রুবেল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪-এর অধিনায়ক মো. নযমুল হাসান।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার ফুলপুর থানাধীন রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল মিয়া ওই কিশোরীর প্রতিবেশী।
গত রোববার (২৯ মার্চ) রাত ৮টায় শিশুটি নিজ বাড়ি থেকে বেরিয়ে যায়। ফিরে এসে অসুস্থ হয়ে পড়লে দাদির জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, ‘রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি, রুবেল আমার সর্বনাশ করেছে, ফুসলিয়ে ধর্ষণ করেছে, এই মুখ কাউকে দেখাবে না।’
পরিবার তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। ঘটনার পরদিন সোমবার (৩০ মার্চ) ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিনই কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেন।
মেয়েটির দাদি বলেন, ‘আমার নাতনিকে রুবেল ধর্ষণ করেছে। এজন্য লজ্জায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে। রুবেলের ফাঁসির দাবি জানাচ্ছি।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, আত্মগোপনে থাকা রুবেলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছিল। পরে র্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকালমৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার এই ঘটনায় আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন