গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিকেল সাড়ে ৩টায় (বাদ আসর) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এই তথ্য জানা গেছে।
এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব বিস্মিত, আহত ও মর্মাহত।’
সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোট করার অভিযোগ এনে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান।
বিরোধী দলীয় নেতা সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘জনগণ গণভোটে রায় দিয়েছেন, সেই রায় বাস্তবায়ন করতে হবে। সরকার যদি তা না করে, তাহলে জনগণ রাস্তায় নেমে আসবে।’ শনিবারের বিক্ষোভ সেই পথচলারই অংশ বলে জানান তিনি।
একাদশ জোটের নেতারা মনে করছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নই এখন মূল চ্যালেঞ্জ। সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহরে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। এমতাবস্থায় শনিবারের বিক্ষোভ নতুন করে রাজপথে উত্তাপ ছড়াবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন