প্রশাসনিক গতিশীলতা বাড়াতে এবং জনসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো এই নির্দেশনাগুলো নতুন করে তাগিদ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের এক নোটিশে এসব আদেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। এই সময়টুকুতে কেউ কক্ষের বাইরে থাকতে পারবেন না। অন্য কোনো কর্মসূচিও রাখা যাবে না।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়েও কড়া নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। নোটিশে বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে হবে। জানালা ও ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করলে সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে দিতে হবে। অফিস শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার—সব কিছু বন্ধ রাখতে হবে। সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা করা যাবে না। জ্বালানি ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে।
অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। এ ছাড়া অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ির হাতল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
আদেশ যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা তদারকি করতে প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে একটি করে ‘ভিজিলেন্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ ফিরিয়ে আনতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে মন্ত্রণালয়।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন