টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদার টাকা নিতে গিয়ে রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনি নিজেকে সাংবাদিক বলে দাবি করতেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর বাজারে এই ঘটনা ঘটে। রিহান ওই এলাকার থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রিহান সাংবাদিক পরিচয়ে বাজারের ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করতেন। সম্প্রতি তিনি ধান ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে ছবি তুলে ভয় দেখিয়ে টাকা চান। এর আগে দুই দফায় তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে ১৩ হাজার টাকা নিয়েছেন বলেও জানান আনোয়ার।
বৃহস্পতিবার বিকেলে আবারও টাকা দাবি করতে এলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চল, পাকুল্যা, হাটুভাঙ্গা, বাঁশতৈল, ওয়ার্শি ও জামুর্কি এলাকায় অন্তত ৪০-৫০ জন ভুয়া সাংবাদিক সক্রিয়। তারা ভুয়া টিভি চ্যানেলের নাম ব্যবহার করে, হাতে মাইক (বুম) নিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে রিহানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন