আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
রাত ১টার দিকে তাদের থানায় নেওয়া হলে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমান এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ জানায়, একের পর এক বাড়ি বদল করে কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের পেশা ছিল।
উৎসুক জনতা ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রিয়ার করা ধর্ষণ মামলায় বেশ কয়েকজন বর্তমানে জেলহাজতে রয়েছেন।
আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে কেউ অভিযোগ করার সাহস পেত না।’
নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। ওই থানার এসআই রফিকুল ইসলাম জানান, আকপাড়া থানার তমা আক্তারের মামলায় প্রিয়া খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই থানায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সময় থানা প্রাঙ্গণে শত শত লোকের ভিড় থেকে তাদের পুলিশের গাড়িতে উঠাতে বেশ বেগ পেতে হয়। তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন