ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাগানমাঠ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রফিকুল ইসলাম (৫১) ও তার ভাগ্নে বাবু (৩০)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জোবায়ের হোসেন জানান, তারা দুজন ধানের মঠে কাজ করতে যান। সেখানে শ্যালো মেশিনের ছেঁড়া তার পড়েছিল। এতে মামা রফিকুল ইসলাম প্রথমে ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে ভাগ্নে বাবুও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনই মারা যান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, মাঠে কাজ করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। ভাগ্নে বাবু মামাকে ছাড়তে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
অপরদিকে, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ওমর আলি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে তারা বিদ্যুতায়িত হন বলে জানতে পেরেছি।’ ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন