যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে।’
একইসঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়েও বড় সিদ্ধান্ত জানিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের এই সম্ভাব্য যুদ্ধবিরতির প্রক্রিয়ার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক সাড়া পাওয়া গেল। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। এর পরিপ্রেক্ষিতেই ইরান এই সিদ্ধান্ত নিল।
তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই। প্রয়োজন পড়লে আবারও ট্রিগারে আঙুল রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আগামী দুই সপ্তাহের আলোচনার ফলাফলের ওপরই নির্ভর করবে এই যুদ্ধবিরতি স্থায়ী হয় কি না।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন