যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৮৯ জন নিহত ও আট শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা এ খবর জানিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বৈরুতসহ লেবাননের একাধিক এলাকায় এই হামলা চালানো হয়। মাত্র ১০ মিনিটের ব্যবধানে ইসরাইলের বিমানবাহিনী প্রায় ১০০টি বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে।
হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরাইলে হামলা স্থগিত রেখেছে। তাদের এই ঘোষণা সত্ত্বেও ইসরাইল হামলা চালায়।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি নির্বিচার এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিদন এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। জনবহুল এসব এলাকায় হামলার ফলে কয়েক শ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
পার্লামেন্ট স্পিকার আরও বলেন, আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা। এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কনভেনশনের প্রতি এক চরম অবজ্ঞা।
হামলায় নিহত ও আহতদের উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘে জরুরি বৈঠক ডাকার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন