সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়াল উদ্ধার হয়েছেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এই খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে গত সোমবার (৬ এপ্রিল) রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়।
বন বিভাগ জানায়, ৬ এপ্রিল রাতে নৌকাডুবির পর তারা ভাসতে থাকেন। পরের দিন মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বনকর্মীরা তাদের উদ্ধার করেন।
উদ্ধার হওয়া মৌয়ালেরা হলেন—শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর লোকালয়ে নিয়ে আসা হয়েছে।
এখনো নিখোঁজ রয়েছেন আরও চার মৌয়াল। তারা হলেন—শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু আহরণে যান। গত সোমবার রাতে তারা ঝড়ের কবলে পড়েন। চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি চারজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে রাতে একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি শ্যামনগর থানা, কোস্টগার্ড ও বিজিবিকেও জানানো হয়েছে।
মৌয়ালদের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে তারা বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তৎপরতা কামনা করেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন