নারীদের দিয়ে প্রেমের ফাঁদ পাতিয়ে মানুষকে অপহরণ, নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা একটি ভয়াবহ হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বিকেলে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন শারমিন আক্তার ওরফে বৃষ্টি, স্মৃতি আক্তার, মো. কাইয়ুম ও ফয়সাল মিয়া। মঙ্গলবার রাতে শহরের সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর মোবাইল উদ্ধার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অপরাধের পদ্ধতি বেরিয়ে এসেছে। চক্রের নারী সদস্যরা প্রথমে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। পরে দেখা করার কথা বলে তাদের নির্জন স্থানে ডেকে নেওয়া হতো। সেখানে চক্রের পুরুষ সদস্যরা ভুক্তভোগীকে অপহরণ করে নির্যাতন চালাত। সবচেয়ে নৃশংস ব্যাপার হলো, ভুক্তভোগীদের বিবস্ত্র করে তাদের সঙ্গে নারী সদস্যদের আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। পরে এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চক্রটি মোটা টাকা দাবি করত। টাকা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার স্মৃতি আক্তারের বিরুদ্ধে আগেও অপহরণ ও চুরির মামলা আছে। অন্যদিকে ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চুরির অভিযোগে নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় কমপক্ষে সাতটি মামলা রয়েছে।
নরসিংদী গোয়েন্দা পুলিশের পরিদর্শক এরশাদ উল্লাহ জানান, সম্প্রতি শহরের নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক এই চক্রের শিকার হলে ঘটনা পুলিশের নজরে আসে। সেখানে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের সাত দিন রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে। পুলিশ সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে অপরিচিত কারও সঙ্গে প্রেম ও নির্জন স্থানে দেখা না করতে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন