রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
সোমবার (১৮ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ এবং জাল টাকা তৈরির মেশিন জব্দ করা হয়।
র্যাব-৪ জানিয়েছে, গ্রেপ্তার সজিব দীর্ঘদিন ধরে পেশাদারভাবে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। তিনি মোহাম্মদপুরের একটি বাসায় জাল নোট তৈরির মেশিন বসিয়ে জাল টাকা প্রস্তুত করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচিত বরিশালের চৌমাথা এলাকার এক ব্যক্তির কাছ থেকে জাল নোট প্রিন্টের পিডিএফ কপি সংগ্রহ করতেন। পরে সেগুলো ব্যবহার করে জাল নোট তৈরি করতেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সারা বছরই তিনি বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করলেও ঈদুল আজহাকে সামনে রেখে নগদ টাকার লেনদেন বেড়ে যাওয়ায় তিনি এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। ইতোমধ্যে চট্টগ্রাম, সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জাল নোট সরবরাহ করেছেন বলেও তথ্য পেয়েছে র্যাব।
সংস্থাটি আরও জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের জাল নোট ব্যবসায়ী ও ডিলারদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এর আগেও ২০২৪ সালে জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে র্যাব-২ তাকে গ্রেপ্তার করেছিল।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন