প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী নিরাপত্তায় মাঠে আইনশৃঙ্খলা বাহিনীা
নিজস্ব প্রতিবেদক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। ইতোমধ্যে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। ভোটের আগের দিন, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সকালে সারাদেশে প্রায় ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থার আওতায় দায়িত্ব পালন করবে।
মোট প্রায় ৯ লাখ সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে পাঁচ লাখ, পুলিশের দেড় লাখ, সশস্ত্র বাহিনীর এক লাখ এবং বিজিবির প্রায় ৩৫ হাজার সদস্য যুক্ত থাকবেন।
র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। জেলা, উপজেলা ও থানা পর্যায়ে দায়িত্ব পালন করবে বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন। উপকূলীয় অঞ্চলে বিশেষ দায়িত্বে থাকবে কোস্টগার্ড।
সাধারণ ভোটকেন্দ্রে ১৬–১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭–১৮ জন করে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। দুর্গম এলাকায়ও একইভাবে ১৬–১৮ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের দুই দিন আগে থেকেই তারা দায়িত্বে থাকবে এবং ভোটের দিন পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা