প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
দেশে পৌঁছেছে ৪ লাখ ৭১ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালটা
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের কাছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ইতোমধ্যে ভোট দিয়েছেন। এছাড়া ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন।
এ পর্যন্ত ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন বলে জানান তিনি।
এদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত দেশের ভেতরে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোট দিয়েছেন এবং ৫ লাখ ৪০৮ জন ব্যালট ডাকযোগে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।সূত্র-বাসস
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা