প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু, ৮ জনের অবস্থা আশঙ্কাজনকা
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরজাহান আক্তার রানি (৪০)। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখানে নুরজাহানকে মৃত ঘোষণা করা হয়।
তার স্বামী-সন্তানসহ পরিবারের আরও আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে জাতীয় বার্নে চিকিৎসাধীন। দগ্ধদের মধ্যে রয়েছেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সামির হোসেন সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)।
সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শরীরে ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পোড়া রয়েছে। কয়েকজনকে ইতোমধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। বাকিদেরও পর্যবেক্ষণ শেষে সেখানে স্থানান্তর করা হবে।
চিকিৎসকরা বলছেন, দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সবার অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা