প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
নরসিংদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে চার সন্তানের জননী দলবদ্ধ ধর্ষণের শিকারা
জেলা প্রতিনিধি, নরসিংদী: ||
নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা করতে গিয়ে চার সন্তানের এক জননী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় মাধবদী থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই এলাকায় কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সেই ঘটনার ১০ দিন পার হতে না হতেই ফের এ ধরনের নৃশংসতার ঘটনা ঘটল।পুলিশ সূত্রে জানা যায়, চার সন্তানের জননী ওই নারী ঈদের কেনাকাটা করতে বৃহস্পতিবার (৫ মার্চ) মাধবদী বাজারে গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে চৌরাসাঁতার মোড়ে হৃদয় তার গতিরোধ করেন।ওইসময় হৃদয় তাকে ভয়ভীতি দেখিয়ে পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও তিনজন অপেক্ষায় ছিলেন। পরে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।এ ঘটনায় শুক্রবার সকালে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।মাধবদী এলাকায় কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছিল। তার মধ্যেই আবারও এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন। এতে এলাকায় নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়রা বলছেন, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুলিশ বাকি আসামিদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা