প্রিন্ট এর তারিখ : ৩০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
কৃত্রিম জ্বালানি সংকট ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীরা
বিশ্ব ডেস্ক ||
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন।সংসদ ভবনে শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকের পর চিফ হুইপ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।চিফ হুইপ জানান, দেশের তেল মজুত পর্যাপ্ত, বর্তমানে ২ লাখ মেট্রিক টন বন্দরে আছে এবং আরও সমান পরিমাণ আসছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হচ্ছে।তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি ও সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি করার নির্দেশ দিয়েছেন, যাতে তেল অতিরিক্ত মজুত বা দাম বাড়ানো না হয়।আগামীকাল (রোববার) সংসদে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।বৈঠকে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা ও তা রোধের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী এবার মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের নিয়মিত ব্রিফিং দেওয়ার জন্য, যাতে তারা এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।জ্বালানি সংকট ও চোরাচালান রোধে সরকারের এই কঠোর অবস্থান বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে বলা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা