প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
দুবাইয়ে ড্রোন ডিপোতে হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞদের নিহতের আশঙ্কাা
বিশ্ব ডেস্ক ||
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ডিপোতে হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) এই ডিপোটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় ডিপোটিতে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। তবে হামলার পর ঠিক কী অবস্থা হয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাতে পারেনি তেহরান।অবশ্য ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, দুবাইয়ে ইউক্রেনের কোনো ড্রোন ডিপোই নেই।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। তার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকায় পাল্টা হামলা শুরু করে তেহরান। এরই অংশ হিসেবে দুবাই ও আবুধাবিতে বিশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।ইরানের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়।’মজার ব্যাপার হলো, ঠিক এই দিনেই দুবাই সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জানান, প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইউক্রেন। তার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ড্রোন ডিপোতে হামলার কথা জানায় ইরান।এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনাটি প্রত্যাখ্যান করে বলেছে, দুবাইয়ে তাদের কোনো সামরিক স্থাপনা নেই।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা