প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতারা
গণবার্তা ডেস্ক : ||
গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে পাতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে ছায়দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামি গোলজার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার গোলজার রহমান গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (টেংগামারা) এলাকার মৃত আব্দুল সামাদের ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২২ জুন রাতে ওই বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে গোলজার রহমান ও তার সহযোগীদের প্লেটে মাংস কম দেওয়ায় মনোয়ারা বেগম নামে এক নারী নিহত ছায়দার আলীর মুখে মাংস-ভাতসহ প্লেট ছুড়ে মারেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ১৫ থেকে ২০ জন ব্যক্তি রান্নার লাকরি, লাঠি ও লোহার রড দিয়ে ছায়দার আলীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।পরে আহত ছায়দার আলীকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৩ জুন বিকাল সাড়ে ৩টায় তিনি মারা যান।নিহত ছায়দার আলীর ছেলে বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার রাতে গোলজার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা